১৭৭

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “বিচারব্যবস্থা সংস্কার এবং নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নারী নিপীড়ন এবং শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানানো এবং বিচারব্যবস্থার সংস্কারের জন্য কথা বলা অত্যন্ত জরুরি।”

তিনি উল্লেখ করেন, “সামনের স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে। আমাদের বিরোধী দলের অবস্থান দৃঢ় রাখতে হবে। রাষ্ট্রপতি ‘জয় বাংলা’ বলছেন, কিন্তু দেশে কোনো বাস্তব পরিবর্তন দেখা যাচ্ছে না।”

এ সময় দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলা প্রতিনিধিদের আহ্বান জানান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করার জন্য।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, “বিগত জুলাই আন্দোলনে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট থাকবে।” অপরদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রের নীতিনির্ধারক ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বার্তা, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে দ্রুত উদ্যোগ নিন। বিচারব্যবস্থা ঠিক করুন। যারা সরকারের শীর্ষে আছেন, তাদের অনিয়ন্ত্রিত আচরণ বন্ধ করতে হবে।”

এ সময় তিনি বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেন। কেন্দ্রীয় নেতারা ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত বিচারব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু করার দাবি জানান।