১০৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাত ২টার দিকে আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।