১০০

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আলিফ ভবানীপুর গ্রামের মো. রাজা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় পরিবারের সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আলিফ। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় পুরো ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।