২৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৭ জন রোগী।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই চিত্র পাওয়া গেছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৯৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, পূর্বে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ বলা হলেও তা সংশোধন করে ৫ কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে একজন আক্রান্তের মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত বাড়ছে, তাই দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি।