১৩৫

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে আবারও বিতর্কের মুখে নেইমার। অনুশীলন চলাকালে সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্লাব ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

সান্তোস ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানায়, অনুশীলনের সময় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অবগত এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নেইমার জুনিয়র ও রবসন ডি সুজা জুনিয়র (রবিনহো)–এর মধ্যে হওয়া ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করা হয়েছে। ক্লাবের আইন বিভাগ বিষয়টি দেখভাল করছে বলেও জানানো হয়।

জানা যায়, গত রোববার অনুশীলনের এক পর্যায়ে ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র নেইমারকে ড্রিবল করে কাটিয়ে গেলে বিষয়টি অপমানজনক মনে করেন ব্রাজিলিয়ান এই তারকা। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে ল্যাং মেরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার পর দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সতীর্থরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের আলাদা করে দেন, ফলে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঘটনার পর রবিনহো জুনিয়রকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখা যায় বলে জানা গেছে।

পরবর্তীতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার নিজেই। তিনি রবিনহো জুনিয়রকে ফোন করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত ক্লাব বিষয়টি তদন্তে নেওয়ায় নেইমার আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।