২১৪

ব্রাহ্মণবাড়িয়ায় শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ায় এক ৬ বছর বয়সী শিশুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিবিআই।

এর আগে গত বুধবার শিশুটি নিখোঁজ হয়। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হলে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

নিহত শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার ইছা মিয়া ওরফে ইসহাক (২৯) সদর উপজেলার অষ্টগ্রাম এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক। শনিবার দুপুরে তাকে মোহনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিশুটি চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় এবং এরপর আর ফিরে আসেনি। পরে শুক্রবার স্থানীয় এক ব্যক্তি তার মরদেহ দেখতে পান। শনাক্তের পর পরিবারের সদস্যরা তাকে নিশ্চিত করেন।

পিবিআইয়ের পুলিশ সুপার শচীন চাকমা জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ইছা মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিস্তারিত স্বীকার করেছেন।

তিনি জানান, ঘটনার দিন শিশুটিকে ঘোরানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যান অভিযুক্ত। পরে রাতে তাকে নিজের বাড়িতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিশুটি কান্নাকাটি করে বিষয়টি ফাঁস করার কথা বললে আতঙ্কিত হয়ে তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।