১৮৭

বরিশালের গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মো. ইউনুস (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইউনুস মহাসড়ক পার হওয়ার সময় বরিশালগামী ফ্রেম পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী থানার উপ-পরিদর্শক শরীফ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।