৫৪

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে পাঠানো ১০ দফা প্রস্তাবের অংশ হিসেবে এ শর্তের কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হতে ইরান এই শর্ত আরোপ করেছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিদিন ১৫টির বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না।

এছাড়া, এসব জাহাজের চলাচল ইরানের অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। জাহাজ চলাচল তদারকি করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও এ শর্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকে বলেন, “হরমুজ প্রণালী দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল এখন থেকে ইরানের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকলের ওপর নির্ভর করবে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে। যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে ফেরার কোনো সুযোগ নেই।”