২৬৭

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ওই সময় তিনজন বাংলাদেশি মাদকের চালান আনতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী একটি সুপারি বাগানে অবস্থান করলে স্থানীয় খাসিয়াদের সন্দেহের মুখে পড়েন।

এক পর্যায়ে ভারতীয় এক খাসিয়া ছররা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সালেহ আহমেদ জয়ধর নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজিবি জানায়, নিহতসহ তিনজনই পূর্ব থেকে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।