৮৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম জনি (৪২)। অভিযুক্ত তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলম জনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই হত্যার বিষয়টি স্বীকার করেছেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়াজনিত বিরোধকে ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।