১৩৪

রোববার (৩ মে) সকালে উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রাব্বি জানান, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা লরি দেখে ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে শিশুটি নিচে পড়ে যায়। পরে তাকে তুলতে গেলে লরিটি শিশুটিকে চাপা দেয়।

স্থানীয় বাসিন্দা আলমগীর অভিযোগ করেন, সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দ রয়েছে, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।