২২৬

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে মিজানুর রহমান (৩৮) নামের ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। অভিযানে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ পেট্রোল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও শাহ্ জহুরুল হোসেন জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।