৯

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে রোববার (১ নভেম্বর) বিকেলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রাজিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুটপাতে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আশপাশের লোকজনের ভাষ্য অনুযায়ী, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।