৪১

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশে সব ধরনের এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সেলিম এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সভাপতি সেলিম বলেন, এলপি গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দাম ও সরবরাহ কেন্দ্রিক বিভিন্ন জটিলতা নিয়ে মাঠপর্যায়ের ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এই অন্যায় হয়রানির প্রতিবাদেই আগামী বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজি গ্যাসের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে নির্ধারিত মূল্যে দেশের অনেক স্থানেই সিলিন্ডার মিলছে না বলে সাধারণ ভোক্তাদের অভিযোগ রয়েছে। এই সার্বিক পরিস্থিতির মধ্যেই এবার ব্যবসায়ীদের পক্ষ থেকে টানা দুই দিন বিক্রি বন্ধের ঘোষণা এলো।