৫৩

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ইউজারনেম ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ফলে ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার হবে।

বিশ্বব্যাপী তিন বিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বর্তমানে যোগাযোগের জন্য ফোন নম্বরের ওপর নির্ভরশীল। তবে নতুন এই আপডেট কার্যকর হলে শুধুমাত্র ফোন নম্বর জানলেই কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না। বরং নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করেই চ্যাট শুরু করা যাবে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রতিটি ব্যবহারকারী তিন থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি স্বতন্ত্র ইউজারনেম নির্বাচন করতে পারবেন, যা তাদের প্রধান পরিচয় হিসেবে কাজ করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ব্যবস্থায় কোনো অনুসন্ধানযোগ্য ডিরেক্টরি বা সাজেশন ফিচার থাকবে না। ফলে প্রথমবার কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানা থাকতে হবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে অতিরিক্ত নিরাপত্তার জন্য ‘ইউজারনেম কী’ সেট করতে পারবেন, যা ছাড়া প্রথমবার মেসেজ পাঠানো সম্ভব হবে না।

ফিচারটি চালু হওয়ার পর ইউজারনেম ব্যবহার করে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীর ফোন নম্বর প্রদর্শিত হবে না। পাশাপাশি বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করার জন্য আলাদা ইউজারনেম ব্যবহারের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রয়োজনে অ্যাপ থেকেই ইউজারনেম জেনারেটর ব্যবহার করে নাম নির্বাচন করা যাবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা ইতোমধ্যে অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করে ‘সেটিংস’ মেনুর ‘অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। তবে পূর্ণাঙ্গভাবে ফিচারটি চলতি বছরের শেষ দিকে চালু হতে পারে।

এদিকে ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সংস্থাও নিজেদের জন্য ইউজারনেম সংরক্ষণের সুযোগ পাবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিদ্যমান অ্যাকাউন্টধারী প্রতিষ্ঠানগুলো হোয়াটসঅ্যাপেও একই ধরনের পরিচয় ব্যবহার করতে পারবে।

অপব্যবহার ঠেকাতে সেলিব্রিটি, সরকারি সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ইউজারনেম সংরক্ষিত রাখা হবে বলে জানিয়েছে কোম্পানি। এতে ভুয়া পরিচয়ে প্রতারণা বা ছদ্মবেশ ধারণের ঝুঁকি কমবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকায় একই ধরনের নামের চাহিদা তৈরি হতে পারে। তাই ব্যবহারকারীদের পছন্দের ইউজারনেম নিশ্চিত করতে আগেভাগেই রিজার্ভেশন সুবিধা চালু করা হচ্ছে।