১২৫

সৌদি আরবে বসবাসরত অনেক প্রবাসী কর্মী ১ জুলাই থেকে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে পারেন। যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় আগে শেষ হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’ (Qiwa)।

কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) ছিল ওয়ার্ক পারমিট নবায়নের শেষ দিন। বুধবার (১ জুলাই) থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে শেষ হয়ে আছে, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।

এর ফলে ওই প্রবাসী কর্মীরা সৌদি আরবে তাদের আইনি বৈধতা হারাতে পারেন। পাশাপাশি তাদের দেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আইনি জটিলতার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ নিয়মের ক্ষেত্রে একটি বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। কিওয়া জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট ও ইকামার মেয়াদ শেষ হওয়ার তারিখ আলাদা হলে এবং ইকামার মেয়াদ কমপক্ষে ১৮০ দিন বা তার বেশি অবশিষ্ট থাকলে, আপাতত তার নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে না।

অন্যদিকে, ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে নিয়োগকর্তাদের দ্রুত ওয়ার্ক পারমিট ও ইকামা উভয়ই নবায়নের আহ্বান জানানো হয়েছে।

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের বৈধতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।