৫৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে তার মৃত্যু হয়।

নিহত একেন মোল্লা (৬৫) উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মৃত আদালত মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপুর সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন উপজেলার বগুড়া গ্রামে মাদক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একেন মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।