৮৫

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযোগ ছিল, ওই বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় বাড়িতে থাকা তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

জেলার পুলিশ সুপার অভিষেক সিং জানান, জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন, উদ্ধার হওয়া মাংসটি গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে তা এনেছিলেন। তবে মাংসের প্রকৃতি নিশ্চিত হতে নমুনা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনে তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের স্বামী ও মুম্বাইয়ে কর্মরত এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বাড়িটি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে। এছাড়া মাংসের উৎস এবং সংশ্লিষ্ট পরিবার এর আগেও গরুর মাংস সংগ্রহ বা ব্যবহার করেছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।