৬৫

ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না করলেও বাংলাদেশ-এর ফুটবলপ্রেমীদের উন্মাদনা বরাবরই বিশ্বজুড়ে আলোচনার বিষয়। বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক সমর্থক, যা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের আবেগ, উদযাপন ও ভালোবাসা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত আছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি এবং খেলোয়াড়রাও।

এবার বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর এক সাক্ষাৎকারে বাংলাদেশের ভক্তদের নিয়ে কথা বলেন তিনি।

মিক্সড জোনে মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। আমি জানি, তারা আমাদের জন্য কতটা আবেগপ্রবণ। সেখানে গিয়ে আমি সেটা সরাসরি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

২০২২ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে মার্টিনেজ জানান, এ দেশের মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাস তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার মতে, বাংলাদেশের কোটি কোটি সমর্থকের অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বাংলাদেশ ও আর্জেন্টিনার এই আবেগঘন সম্পর্ক আন্তর্জাতিক ফুটবলেও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।