৮৩

ভারত-এর কেরালা রাজ্যের পিরাভোম এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, রোববার (২৮ জুন) সকালে স্থানীয় একটি নদী থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনা সম্পূর্ণ হয়। এর আগে শুক্রবার একই নদী থেকে দৃষ্টিপ্রতিবন্ধী মা বিজি এবং তার দুই বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শনিবার পরিবারের প্রধান নারায়ণনের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবারটি কোট্টামঙ্গলম এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। সম্প্রতি তারা আর্থিক সংকটে পড়েছিলেন এবং বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে স্থানীয় থানার কাছে সহায়তা চেয়েছিলেন। পুলিশ তাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থাও করেছিল, যেখানে রোববার তাদের ওঠার কথা ছিল।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার গ্রহণ করেছিলেন। পরে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে নদী থেকে একে একে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।