১৯০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা ইদ্রিস মিয়া (৪৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজন সৌদি আরবের রাজধানী রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশেহারা। সরকারের কাছে মরদেহ দেশে আনার সহযোগিতা চাই।”

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানও জানিয়েছেন, নিহতদের পরিবার যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনতে সর্বাত্মক সহায়তা করা হবে।