১৫৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

উদ্ধারকর্মীরা জানান, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের অন্যান্য যানবাহন—ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধারকারী দল দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করার চেষ্টা করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের পর এলাকাটি ঠান্ডা করা ও গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে কাজ চলছে।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হতাহতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।