২০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাকিল ফকির বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি ১০ তলা ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটে পৃথক কক্ষে থাকতেন অভিযুক্ত যুবক।

অভিযোগ অনুযায়ী, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি শাশুড়িকে ঘুম থেকে ডেকে তুলে নিজের কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয় ও লজ্জার কারণে ঘটনাটি গোপন রাখলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।