২৩৩

গাজীপুরের টঙ্গী শিলমোন এলাকার নূর জামে মসজিদের সত্তর বছর বয়সী ইমাম সাদেক আলী তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। বগুড়ার শিবগঞ্জ থানার বাসিন্দা সাদেক আলী প্রায় ১৯ বছর আগে জীবিকার তাগিদে স্ত্রী ও সন্তানসহ গাজীপুরে এসে বসবাস শুরু করেন।

দীর্ঘদিন ধরে তিনি টঙ্গীতে ইমামতির পেশায় নিয়োজিত থেকে মাত্র চার হাজার টাকা বেতনে খুবই কষ্টে জীবনযাপন করে আসছেন। তার পরিবারে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রয়েছে, যাকে ইতিমধ্যে বিয়ে দিয়েছেন।

সম্প্রতি তার স্ত্রী হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ প্যারালাইসিস হয়ে পড়েন এবং কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন ইমাম সাদেক আলী। এ অবস্থায় তিনি মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ২৭ হাজার টাকা সংগ্রহ করেছেন।

এছাড়া একজন অটোরিকশা চালকের সহযোগিতায় তিনি মাইক নিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাল ও অর্থ সংগ্রহ করছেন। অনেকেই নগদ টাকা ছাড়াও চাল, তরকারি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করছেন, যা তিনি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাচ্ছেন।

স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি দ্রুতই স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন।

ইমাম সাদেক আলী প্রবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যাতে তিনি তার স্ত্রীর চিকিৎসা সম্পন্ন করতে পারেন।