১৫৪

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু সদস্যের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো বাহিনী বহন করবে না। বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (জানুয়ারি-মার্চ ২০২৬)’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বে আপসহীন থাকার নির্দেশ দিয়ে বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পুলিশের দৃঢ়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

সিআইডিকে অপরাধ তদন্তের শীর্ষ সংস্থা হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, তদন্তের গুণগত মান ও পেশাদারিত্বের ওপর বিচারব্যবস্থার সাফল্য অনেকাংশে নির্ভরশীল। তাই দ্রুত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক তদন্ত দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, একজনের ভুলের দায় পুরো বাহিনীর ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। সম্মেলনের শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।