২৮২

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার নতুন করে তেলের দাম বৃদ্ধির খবর দিয়েছে বিবিসি।

আজ সকালে লেনদেনে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড তেলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে। অন্যদিকে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত বর্তমানে ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান।

এদিকে ইরান হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে জানা গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ছে।