২৪৭

আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানায়, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের সামনে না নামিয়ে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষা শেষে একইভাবে হেঁটে গিয়ে নির্ধারিত স্থানে যানবাহনে উঠতে হবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষিদ্ধ থাকবে। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্রসংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকা পরিহার করতে বলা হয়েছে।