৪৯

নাসার আর্টেমিস-২ মিশনের মহাকাশযান ওরিয়নে থাকা নভোচারীরা সফলভাবে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। এই মিশনের মাধ্যমে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে) ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে।

এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে নাসার কলাম্বিয়া মেমোরিয়াল স্পেস সেন্টারে উপস্থিত দর্শকরা ‘আর্টেমিস’ স্লোগানে উল্লাস প্রকাশ করেন।

মিশন শেষে ওরিয়ন মহাকাশযানটি চারজন নভোচারীসহ পৃথিবী থেকে চাঁদে যাওয়া-আসার যাত্রায় মোট ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল পথ অতিক্রম করেছে।

এর আগে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের সময় নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরের অবস্থানে পৌঁছেছিলেন। তখন তারা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার বা ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করেছিলেন।

নাসার এই মিশনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ২ এপ্রিল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) যাত্রা শুরু করে।