২৭

সিমরিন লুবাবাকে ঘিরে বাল্যবিবাহের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই নিজের বিয়ে প্রসঙ্গে নতুন বক্তব্য দিয়েছেন এই শিশুশিল্পী।

লুবাবা গণমাধ্যমকে জানান, সে এখনই বিয়ে করেনি। তবে পারিবারিকভাবে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে সে লেখে, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

গত রাতের ওই পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে লুবাবা। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দণ্ডনীয় অপরাধ—এ বিষয়টি সামনে আসায় সমালোচনাও শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে লুবাবা ফেসবুকে জানায়, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে যাত্রা শুরু করে সে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করলেও গত বছরের শেষ দিকে হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয়।