২৭৪

লিবিয়ায় আটক ও দুর্ভোগের শিকার হওয়া ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১১৩ জন এবং বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৬২ জন ছিলেন। তারা সবাই অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফিরতে সম্মতি দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী চক্রের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়।

সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।