২৪০

ঈদুল ফিতরের আনন্দ শেষে মানুষ স্বাভাবিক জীবনে ফিরলেও লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর সড়কে কাটছে না ভাড়ার নৈরাজ্য। ঈদের ছুটি শেষ হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কমেনি, বরং দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা একে ‘নীরব চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, রায়পুর-চাঁদপুর রুটে যাত্রীরা কার্যত একটি অদৃশ্য সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ঈদের আগে যেখানে ভাড়া ছিল জনপ্রতি ১২০ টাকা, বর্তমানে তা বেড়ে ২০০ থেকে ২৫০ টাকা নেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।যাত্রীদের অভিযোগ, কিছু অসাধু চালক ও প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছামতো ভাড়া আদায় করছে।

রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, চাঁদপুরের গাড়ি রায়পুরে এলেও লক্ষ্মীপুরের গাড়ি সেখানে যেতে বাধার মুখে পড়ে, যা ভাড়ার এই অস্থিরতার একটি বড় কারণ।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত চাঁদপুর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।