১৬৬

গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে নড়াইলের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদার নিহত হয়েছেন এবং তাঁর সহযোগী জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

নিহত নাহিদ সরদার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল দেওয়াকে কেন্দ্র করে ম্যানেজারের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ট্রাকটি পাম্প এলাকায় অবস্থান করছিল। রাত প্রায় ২টা ১০ মিনিটে কাজ শেষ করে নাহিদ তাঁর সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে পাম্প থেকে বের হলে দ্রুতগতিতে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের বরাতে জানা যায়, গুরুতর আহত জিহাদুলকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

ঘটনার পর তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের সহকর্মী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাকচালক ও গাড়িটি আটক করতে অভিযান চলছে।