২০৮

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা দাবি করেছে, এই হামলা চালিয়েছে ইসরাইল।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরাসরি ইসরাইলকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করা হয়। বিবৃতিতে বলা হয়, কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে জায়োনিস্ট শাসনের এই অপ্রথাগত ও অবৈধ হামলা দখলদারদের নীচতা ও জঘন্য মানসিকতার বহিঃপ্রকাশ।

রেভল্যুশনারি গার্ডস আরও জানায়, তারা এই ধরনের অমানবিক কাজের তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাসদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়োনিস্ট শাসনের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন তাদের শক্তিশালী লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

এদিকে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দ্বিপ্রহরের ঠিক আগে একটি বিদ্যুৎ ও লোনা পানি শোধনাগার হামলার শিকার হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার ভোরে কুয়েতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ‘মিনা আল-আহমাদি’-তে ড্রোন হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারের বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। যদিও এসব হামলার দায় ইসরাইলকে দিচ্ছে ইরান।