৬৬

পটুয়াখালীর দুমকি উপজেলাতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো একটি কুকুরের আক্রমণে তারা আহত হন।

আহতরা হলেন— আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫), নিঝুম (১১)সহ মোট ১০ জন। আহতদের বেশিরভাগই শিশু। তারা চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে পথচারী ও শিশুদের ওপর হামলা চালিয়ে কামড়ে আহত করছে। কুকুরটির আতঙ্কে এলাকায় চরম উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে।

দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সমন্বয়ের মাধ্যমে দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন জানান, এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগকে দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অবহিত করা হয়েছে।

এদিকে কুকুরটি এখনো ধরা না পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে এনে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।