২৬১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘি হাওরের গুলাইয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জন বাউরি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা-বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরিসহ ৫-৬ জন চা শ্রমিক প্রতি বছর বোরো মৌসুমে ধান কাটার কাজে রাজনগরের ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামে আসতেন। এবছরও তারা প্রায় ১৫ দিন ধরে স্থানীয় আব্দুর রউফের বাড়িতে থেকে ধান কাটার কাজ করছিলেন।

ঘটনার দিন বিকেলে হাওর থেকে ধান কেটে নৌকায় করে ফেরার পথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য শ্রমিকরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও রঞ্জন বাউরি পানিতে তলিয়ে যান।

পরে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।