২১

ইউরোপের দেশ গ্রিস ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় TikTok, Instagram এবং Facebook-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহারে সীমাবদ্ধতা আনা হবে।

গ্রিস সরকার জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একটি নতুন আইন ২০২৬ সালের মধ্যে প্রণয়ন করা হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তা পুরোপুরি কার্যকর হবে।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেন, শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মতে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি উল্লেখ করেন, অনলাইন তুলনা, নেতিবাচক মন্তব্য ও সামাজিক চাপের কারণে অনেক শিশু উদ্বেগ, মানসিক চাপ ও ঘুমের সমস্যায় ভুগছে। এছাড়া অভিভাবকদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলছে।

এ কারণে স্কুল পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাও চালু করেছে সরকার।

ইতোমধ্যে ইউরোপের ফ্রান্স, স্পেন ও পর্তুগাল-এর মতো দেশগুলোও একই ধরনের উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রিসের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক ডিজিটাল নীতিতেও প্রভাব ফেলতে পারে।

সরকারি এক জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ এই ধরনের নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে অন্যান্য দেশও এ ধরনের উদ্যোগ নেবে।