৬৭

জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। প্রয়োজন হলে এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

মন্ত্রী আরও বলেন, একটি শ্রেণি অস্থিতিশীলতা তৈরির জন্য একই মোটরসাইকেল ব্যবহার করে একাধিকবার তেল সংগ্রহ করছে। পরে সেই তেল বোতল বা ড্রামে মজুত করে আবার সংগ্রহে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে এবং প্রয়োজনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী বলেন, সরকার জনগণের করের টাকায় ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সেই সুবিধা যেন কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।