২৬৭

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ধাওয়া দিয়ে মো. রাজু (১৬) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আটক এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।