মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘বড় বিপদে’ রয়েছে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন।

গতকাল শুক্রবার ট্রাম্প এ নতুন হুঁশিয়ার দিয়ে বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে; যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেননি।’

গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলেছেন, ‘তোমরা গুলি না চালালেই ভালো করবে। কারণ (চালালে) আমরাও গুলি চালানো শুরু করব।’ এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে।

মানবাধিকার সংস্থাগুলো ইরানে গত প্রায় দুই সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

‘আমি শুধু আশা করি, ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবেন। কারণ, এ মুহূর্তে এটি খুবই বিপজ্জনক জায়গা’, বলেন ট্রাম্প।

এদিকে গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।