আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণার পর তাঁকে যথাযথ সম্মান জানাতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশটির ফুটবলের অন্যতম সেরা এই তারকার ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে চায় ফেডারেশন। তাদের পরিকল্পনা, এমন একটি আয়োজন করা, যেখানে সমর্থকেরা শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে পারবেন।

রোনালদোর অবসরের ঘোষণার পর দেওয়া এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এফপিএফ। ফেডারেশন জানিয়েছে, এত দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে দেওয়া হবে না। এ আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয়ভাবে সহযোগিতা করতেও প্রস্তুত তারা।

বিবৃতিতে রোনালদোকে শুধু একজন অসাধারণ ফুটবলার হিসেবে নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা, কঠোর পরিশ্রমের প্রতীক এবং জাতীয় দলের চেতনার অন্যতম প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পর্তুগালের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন রোনালদো। দীর্ঘ এই পথচলায় একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। তাঁর নেতৃত্বে পর্তুগাল পেয়েছে স্মরণীয় সব সাফল্য। দেশটির ফুটবল ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ফেডারেশন।

রোনালদোর প্রতিটি গোল, মাঠে তাঁর পরিশ্রম এবং অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুই পর্তুগালের জার্সির প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রমাণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের মতে, আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর পারফরম্যান্স বিশ্বমঞ্চে পর্তুগালের পরিচিতি ও মর্যাদা বাড়িয়েছে।

বিদায়ী আয়োজনের বিষয়ে ফেডারেশন বলেছে, রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে তারা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চায়। সেখানে সমর্থক ও পুরো দেশ একসঙ্গে তাঁকে অভিবাদন জানাতে এবং তাঁর অর্জন উদ্‌যাপন করতে পারবেন।

বিবৃতির শেষাংশে রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে।’ একই সঙ্গে তাঁর ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্য হিসেবে এক হাজারতম গোলের কথাও উল্লেখ করেছে এফপিএফ।