নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকার একটি যাত্রী ছাউনি থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে হাসপাতাল মোড়ের ওই যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

তবে ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।