ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে।
সকাল ১১টা থেকে শ্রমিকেরা কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের সরিয়ে দিলে প্রথমদিকে অবরোধ সফল হয়নি। পরে বেলা ৩টার দিকে আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে সড়ক থেকে সরিয়ে দেন। তবে কিছুক্ষণ পর শ্রমিকেরা আবারও অবরোধ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। একই সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকেও অবস্থান করতে দেখা গেছে।
এর আগে সোমবার একই দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। মঙ্গলবারও একই এলাকায় তাঁদের কর্মসূচি অব্যাহত থাকে।