গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

বিক্ষোভ চলাকালে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির কারণে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে নতুন করে বিজিবি মোতায়েনের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি জোরদার হলো।