দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার (১ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ ও ১১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়। পরে তাঁর আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।
জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হয়েছে এবং গাজী নজরুল ইসলামকে জামিন দিলে বাদীর কোনো আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেননি।
এই মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার আরেক আসামি তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর বাদীপক্ষের সঙ্গে আপসের কথা জানিয়ে ঢাকার সিএমএম আদালত তাঁকে জামিন দেন। এ ছাড়া মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমানও এ মামলার আসামি। গত ২২ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।