রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিউমার্কেট থানার আওতাধীন সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সায়েন্সল্যাব এলাকায় আসে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।