বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর বন্ধু হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৮ অক্টোবর টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাঁর বাবা। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। তবে তাহসিফ নিখোঁজ হওয়ার রাতে দীপ তাঁর সঙ্গে ছিলেন। তদন্তে বিষয়টি সামনে আসার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। পরদিন শুক্রবার তাঁকে নিয়ে তুরাগ নদসংলগ্ন ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

মামলা হওয়ার পর শুক্রবার রাতেই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, নৌ পুলিশের যে ইউনিট তাহসিফের মরদেহ উদ্ধার করেছিল, তারাই হত্যা মামলাটি তদন্ত করবে।

এর আগে ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে নিচে নামার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে বের হতে দেখা যায় তাহসিফকে। পরিবারের সদস্যরা ওই যুবককে দীপ হিসেবে শনাক্ত করেন।

তাহসিফের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।