সৌদি আরবে কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম মজুরি দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ উন্নয়ন তহবিল (এইচআরডিএফ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার সৌদি রিয়াল করা হবে। পরের বছর একই তারিখ থেকে তা বেড়ে দাঁড়াবে ৬ হাজার রিয়ালে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
সৌদি নাগরিকদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বেসরকারি খাতে তাঁদের নিয়োগ উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে শ্রমবাজারে সৌদি নারী ও পুরুষের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘নিতাকাত’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মজুরির এই পরিবর্তন আনা হচ্ছে। নিতাকাতের আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌদি নাগরিকদের নিয়োগের হার অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
এইচআরডিএফ জানিয়েছে, প্রথম ধাপে ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম সহায়তাপ্রাপ্ত মজুরি ৫ হাজার রিয়াল নির্ধারণ করা হবে। বিদ্যমান আবেদনকারীদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে।
দ্বিতীয় ধাপে ২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের ন্যূনতম মজুরি হবে ৬ হাজার রিয়াল। আর আগে থেকে কর্মসূচির আওতায় থাকা আবেদনকারীদের জন্য এই পরিবর্তন কার্যকর হবে ২০২৮ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে।
কর্মসূচির আওতায় যোগ্য সৌদি কর্মীদের মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেবে এইচআরডিএফ। তবে একজন কর্মীর জন্য মাসে এই সহায়তার পরিমাণ সর্বোচ্চ ৩ হাজার রিয়াল। নির্ধারিত বিধি ও শর্ত পূরণ সাপেক্ষে এ অর্থ দেওয়া হবে।
তহবিলের প্রত্যাশা, মজুরি সহায়তা বাড়ানোর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সৌদি নাগরিকদের নিয়োগে আরও উৎসাহিত হবে। পাশাপাশি কর্মসংস্থানের স্থিতিশীলতা বাড়বে এবং দেশটির মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ আরও কার্যকর হবে।
কর্মসূচির বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্ত জানতে সুবিধাভোগীদের মানবসম্পদ উন্নয়ন তহবিলের সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।