ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আপাতত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারেন নেতানিয়াহু। অন্যদিকে, বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের সামনে সরকার গঠনের পথও সহজ নয়।

ভোট গণনার প্রাথমিক হিসাব ও সম্প্রচারমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট প্রায় ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৮টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

নেতানিয়াহুর জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি রক্ষণশীল ইহুদি দলগুলো। অন্যদিকে আইজেনকটের জোটে মধ্যবাম থেকে ডানপন্থী বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন। নির্বাচনের আগে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও প্রাথমিক পূর্বাভাসে বিরোধীরা প্রত্যাশিত আসনসংখ্যা অর্জন করতে পারেনি।

সরকার গঠনে গুরুত্বপূর্ণ আরব দলগুলো

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ হয়ে উঠেছে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর আসন। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে। ফলে বিরোধী জোট সরকার গঠন করতে চাইলে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রশ্নে ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিনের আপত্তি রয়েছে। দেশটির বহু ইহুদি রাজনৈতিক নেতা এসব দলের সঙ্গে আনুষ্ঠানিক জোটে যেতে অনাগ্রহী। ফলে বিরোধী জোট প্রয়োজনীয় আসনসংখ্যার কাছাকাছি পৌঁছালেও সরকার গঠনের জন্য সমর্থন নিশ্চিত করা কঠিন হতে পারে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু এখন একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, নেতানিয়াহুর হাতে নতুন করে সরকার পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেট নেই। নিরাপত্তা সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকট বলেন, নেতানিয়াহু তাঁদের চ্যালেঞ্জ করার চেষ্টা করলে যেন তাঁরা দৃঢ় থাকেন।

আইজেনকট আরও আশঙ্কা প্রকাশ করেছেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগাতে পারেন।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কতটুকু?

ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা চলাকালে বর্তমান প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এ সময় সরকার পরিচালনায় কিছু ক্ষেত্রে সংযম বজায় রাখার বাধ্যবাধকতা থাকলেও অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা নিয়মিত সরকারের ক্ষমতার মতোই।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরির মতে, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে সংযম দেখাতে হয় এবং সিদ্ধান্ত গ্রহণের পরিধি সীমিত হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতেও অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবে।

ভোটার উপস্থিতিতে রেকর্ড

নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের মধ্যেও ভোট দেওয়ার হার উল্লেখযোগ্য ছিল। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

এর আগে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গঠিত একটি জোটকে ছোট একটি আরব দলের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছিল। এবারও বিরোধী জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় আরব দলগুলোর সমর্থন সরকার গঠনের হিসাব পাল্টে দিতে পারে।

তবে ভোট গণনা ও চূড়ান্ত আসন বণ্টন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সুযোগ রয়েছে। এর মধ্যে নতুন সরকার গঠনের আলোচনা চলবে। সমঝোতা না হলে ইসরায়েলকে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে।