মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন ফিফা প্রধান; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাফুফে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা: আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)-এর সভাপতি জিয়ানি ইনফান্তিনো আজ সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় আসছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন তিনি। এই সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্রে জানা গেছে, ফিফা সভাপতির ইমিগ্রেশন ও ট্রানজিট প্রক্রিয়া যাতে দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেছে ফেডারেশন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের চার সহসভাপতি।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। এই সংক্ষিপ্ত ট্রানজিট সফর দেশের ফুটবলের অগ্রযাত্রায় নতুন কোনো বার্তা বয়ে আনে কি না, সেটাই এখন দেখার বিষয়।