টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার ‘আজিজুল কোরআন মডেল মাদরাসায়’ এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাদরাসাটির পাঁচ থেকে ছয়জন আবাসিক ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকার করার অভিযোগ ওঠে পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। গত শুক্রবার এক আবাসিক ছাত্র ছুটিতে বাড়ি গিয়ে পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করে। পরে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও সাবেক ইউপি সদস্য জিয়ারত হোসেনকে জানান।

অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে মাদরাসায় এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্তের মুখোমুখি হলে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পরিচালক ইব্রাহিমকে মারধর করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ভয়াবহতা শুনে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “অভিযুক্ত ইব্রাহিম খান রিয়াদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পরিবার থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”